হুমকি, ধমকি ও ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরী। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার বিষয়ে মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁদের মামলা থেকে অব্যাহতি দেন। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার বাদী আমিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে অভিনেত্রী মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হওয়ার জন্য ২৭ লাখ টাকা বিনিয়োগ করেন তিনি। তবে দীর্ঘ সময় পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে আসামিরা সময়ক্ষেপণ করেন।
অভিযোগে আরও বলা হয়, গত বছরের ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে মেহজাবীন, তাঁর ভাই এবং অজ্ঞাতনামা কয়েকজন বাদীকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। এরপর বিষয়টি নিয়ে ভাটারা থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।
তবে শুনানি শেষে আদালত অভিযোগের প্রাথমিক ভিত্তি না পাওয়ায় মেহজাবীন চৌধুরী ও আলিশান চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেন।