মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগমুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থকদের উদ্দেশে একটি অডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, অভিযোগগুলো মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁকে নিশ্চিহ্ন করতেই এই বিচার করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, দিল্লিতে নির্বাসনে থাকা হাসিনা বলেছেন—রায় নিয়ে তাঁর কোনো উদ্বেগ নেই এবং তিনি আবার জনগণের জন্য কাজ করবেন। তাঁর ভাষায়, “রায় দিক, আমার কিছু যায় আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহই নেবেন।”
৭৮ বছর বয়সী হাসিনা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে “শেষ করে দিতে” চাইছেন। তিনি অভিযোগ করেন, ইউনুস সরকার পরিকল্পিতভাবে তাকে ক্ষমতাচ্যুত করেছে এবং সংবিধান ভঙ্গ করে নির্বাচিত প্রতিনিধিকে জোর করে অপসারণ করেছে।
অডিও বার্তায় হাসিনা বলেন, দেশজুড়ে সমর্থকদের আন্দোলন তাকে আশ্বস্ত করেছে। তার ভাষায়, “জনগণ দুর্নীতিবাজ, জঙ্গিবাদী ও খুনি ইউনুসকে দেখিয়ে দেবে বাংলাদেশ কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।”
গত বছরের বিক্ষোভ চলাকালে সহিংসতার পর তিনি দিল্লিতে পালিয়ে যান এবং পরে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা শুরু হয়। আদালতের হাজিরার নির্দেশ অমান্য করার বিষয়েও তিনি সাফাই দেন।
সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি বেঁচে আছি, বেঁচে থাকব, আবার মানুষের কল্যাণে কাজ করব… সময়ের ব্যাপার মাত্র। তোমরা কষ্ট পাচ্ছ, ভুলব না—হিসাব হবে।”
তিনি দাবি করেন, তাঁর সরকারের সময়ে দেশের আর্থসামাজিক অগ্রগতি হয়েছিল, অথচ এখন দেশ সংকটে। গণভবনে ভাঙচুর নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, লুটপাট ও সহিংসতা কোনো বিপ্লব হতে পারে না।
বার্তার শেষে তিনি সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান:
“বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে বের করতে হবে… জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ।”