ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।
আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, খুলনা-৩ আসনে শেষ দিন পর্যন্ত মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বুধবার বেলা ১১টা থেকে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া তিন প্রার্থী হলেন—স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্ল্যা।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ।
রিটার্নিং অফিসার ফয়সল কাদের জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংসদীয় আসনের মোট ভোটারের এক শতাংশ সমর্থনসূচক স্বাক্ষর জমা দেওয়া বাধ্যতামূলক। খুলনা-৩ আসনের জন্য এ সংখ্যা ২ হাজার ৫৪৪ জন। যাচাইয়ের সময় দ্বৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত ভোটারদের তথ্য মিলিয়ে দেখা হয়।
তিনি বলেন, আব্দুর রউফ মোল্ল্যা ও মো. আবুল হাসনাত সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল হয়েছে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায়। আর এসএম আরিফুর রহমান মিঠুর মনোনয়নপত্র বাতিল হয়েছে ভোটার তথ্যের অসঙ্গতি ও ঋণ খেলাপি থাকার কারণে।
রিটার্নিং অফিসার আরও জানান, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। এ ছাড়া ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।