আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, শুধু কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যেকোনো সময় এ কার্যক্রম আবার সচল হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।”
প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে ঘিরে বিশ্লেষণ দিয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, এর অর্থ দাঁড়ায় আওয়ামী লীগকে নির্বাচন থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া সম্ভব নয়। গণতান্ত্রিক বিশ্বও তা সমর্থন করবে না। তিনি ধারণা করেন, এ নিয়ে আড়ালে কোনো না কোনো আলোচনা চলছে।
মোস্তফা ফিরোজ আরও বলেন, ড. ইউনূসের বক্তব্য গুরুত্বপূর্ণ। পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বে কোনো রাজনৈতিক দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নজির নেই। তবে তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টার বক্তব্য পুরোপুরি সঠিক নয়, কারণ আওয়ামী লীগের কার্যক্রম ও প্রতীক দুটোই বর্তমানে স্থগিত আছে। ফলে নির্বাচন করার অধিকারও তারা হারিয়েছে।
তিনি মন্তব্য করেন, “ড. ইউনূস আওয়ামী লীগ বিষয়ে কিছু সত্য বলেছেন, কিছু অসত্য বলেছেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো—যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে।”
ফিরোজ আরও বলেন, এ অবস্থায় জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি হয়তো কার্যকর পর্যায়ে নাও যেতে পারে।