আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশনে আপিলের পর তার বাতিল হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে কমিশন এই সিদ্ধান্ত দেয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এরপর ৫ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন তিনি।
আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে। ফলে আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা থাকল না।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের মাধ্যমে এসব আপিল গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হচ্ছে।