ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে শিক্ষার্থীকে মারধরের ঘটনা কেন্দ্র করে ৮টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ৩১ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল এবং কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমি সংলগ্ন এলাকায় সংঘর্ষ শুরু হয় এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। স্থানীয়রা জানিয়েছেন, ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে দশম শ্রেণির শিক্ষার্থী তামিম (১৫)কে কয়েকজন মারধর করলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পাল্টা অবস্থান নেয় হামিরদী ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন।
পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রায় দুই ঘণ্টা বিদ্যালয়ে আটকা পড়ে থাকলেও পরে নিরাপদে উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।