ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই যানজট কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত উভয় লেনজুড়ে ছড়িয়ে পড়ে। ফলে যাত্রী ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন। প্রভাব পড়েছে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশেও।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সড়কের খানাখন্দই এই যানজটের মূল কারণ।
যাত্রী আবির ইসলাম জানান, “১ ঘণ্টা ২৫ মিনিট ধরে কাঁচপুরে আটকা ছিলাম, কোনো মতে এসেছি। এখনো উভয় পাশে যানজট আছে।” এদিকে আরেক যাত্রী ইয়াসিন বলেন, “মোগরাপাড়া যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলাম, এখনো কাঁচপুরেই আটকে আছি।”
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে যানজট হচ্ছে। সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করেও এখনো সংস্কার শুরু হয়নি। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কিছুটা কমেছে, তবে ঢাকা-সিলেট রুটে তা অব্যাহত।