সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার (১৭ নভেম্বর) রায়কে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও হামলার ঘটনা ঘটেছে। দেশের কয়েকটি স্থানে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার রাতে ঢাকার বাংলামোটর এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর অল্প দূরেই শেখ হাসিনা বিরোধী আন্দোলনের একাংশের প্ল্যাটফর্ম এনসিপির কার্যালয় রয়েছে। রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনেও দুটি ককটেল বিস্ফোরিত হয়।
মধ্যরাতে তিতুমীর কলেজের সামনে সড়ক এবং আমতলী মোড়ে আরও দুটি বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে বনানী থানা। একই এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।
ঢাকার বাইরে ধামরাই ও সাভার উপজেলায় রাতে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সিলেটের পাঠানটুলা এলাকায় কয়েকটি দোকান ও গাড়ির ওয়ার্কশপে আগুন লাগে। কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভও হয়েছে। মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে রাতে বিক্ষোভ ও মশালমিছিল করেছে কার্যক্রম–নিষিদ্ধ ছাত্রলীগ। সকালে একই মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে আওয়ামী লীগের সমর্থকেরা, যার ফলে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বগুড়া ও গাজীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি মোকাবিলায় রাজধানীসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীও মাঠে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা হওয়ার কথা। রায়কে ঘিরে গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।