সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর এলাকায় অবাধে ইলিশ শিকার চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে এক শ্রেণির অসাধু জেলে দল বেঁধে নদীতে জাল ফেলছে এবং ধরা মাছ গোপনে বিক্রি করছে।
যদিও উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ প্রতিদিনই অভিযান চালাচ্ছে, তবু ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না। সম্প্রতি অভিযানিক দলের ওপর হামলার ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিষেধাজ্ঞার প্রথম দুই দিন কেউ জাল ফেলেনি। কিন্তু পরে রাতে গোপনে জেলে দল নদীতে নামে। অভিযানের ট্রলার দেখলেই তারা সরু খালে আশ্রয় নেয়। কেউ ধরা পড়লে জরিমানা দিয়ে আবার নদীতে নেমে পড়ে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, “ইলিশ শিকার বন্ধে প্রতিদিনই অভিযান চলছে। শুক্রবার দুইজন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানান, “মা ইলিশ রক্ষায় আমরা কঠোর অবস্থান নিয়েছি। হামলার ঘটনাও উপেক্ষা করে অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত এ অভিযান চলবে।”
সরকারি নির্দেশনা অনুযায়ী, ইলিশের প্রজনন মৌসুমে প্রতি বছর ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এবারের নিষেধাজ্ঞা ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই সময় মা ইলিশ ডিম ছাড়ে, তাই প্রজনন রক্ষায় এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে মৎস্য বিভাগ।