ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। তবে সুযোগ পেলেই সন্তানদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তিনি। সম্প্রতি মালয়েশিয়ায় অবকাশ যাপনের সময় ছেলের সঙ্গে খুনসুটিতে মাততে দেখা গেছে এই অভিনেত্রীকে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। ভিডিওতে কুয়ালালামপুরের বিখ্যাত প্যাভিলিয়ন শপিং মলে ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। মা-ছেলের পরনেও ছিল ম্যাচিং পোশাক।
ভিডিওতে দেখা যায়, ছোট্ট পূণ্য একটি রাইড-অন স্যুটকেস টেনে নিয়ে যাচ্ছে, আর তার পেছন পেছন হাঁটছেন পরীমণি। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল, যেন পূণ্যই তার অভিভাবক আর পরীমণি নিজেই বাচ্চা!
এরপর ঘটে আরও মজার ঘটনা। হঠাৎ করেই পরীমণি নিজেই সেই ছোট স্যুটকেসটির ওপর বসে পড়েন এবং পূণ্য তার মাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর ছোট্ট পূণ্য সত্যিই মাকে টেনে নিয়ে যায়, যা দেখে ভিডিওটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
ভিডিওটির ক্যাপশনে পরীমণি লেখেন, ‘আমার ছেলে আমাকে বাচ্চা বানায়ে ফেলছে!’—সঙ্গে জুড়ে দেন ভালোবাসা মাখা একটি ইমোজি।
পোস্ট করার অল্প সময়ের মধ্যেই ভিডিওটি নেটিজেনদের ব্যাপক সাড়া পায়। মন্তব্যঘরে ভক্তদের পরীমণির মাতৃত্ব ও পূণ্যের চঞ্চলতার প্রশংসা করতে দেখা যায়।
ব্যক্তিজীবনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানের দায়িত্ব একাই সামলাচ্ছেন পরীমণি। ছেলে পূণ্যের পাশাপাশি গত বছর সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যা শিশুকে দত্তক নেন তিনি। বর্তমানে সন্তানদের দেখাশোনা ও কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।