গণভোটসহ পিআর পদ্ধতি এখনো দেশের মানুষ বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “পিআর দেশের মানুষ বোঝে না। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’—এটাও মানুষ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।”
শনিবার দুপুরে রাজধানীর আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গত ১৫–১৬ বছরে “ভয়াবহ দানবীয় সরকার” দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে সবসময় প্রাধান্য দিয়েছে বলেও দাবি করেন তিনি।
সমাজে অনিয়ম–দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “এত মুসলমান, এত মাদরাসা-মসজিদ, এত উলামা থাকার পরও দেশে এত অন্যায় ও পাপ কেন? একটি মসজিদ নির্মাণে আমাদের আগ্রহ থাকে, কিন্তু ভালো মানুষ তৈরির ক্ষেত্রে কেন সেই আগ্রহ থাকে না?”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।