ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে। সোমবার রাতের এই ঘটনায় দেশজুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রাসাদ মিরাফ্লোরেসের আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড ধরে টানা গুলির শব্দ শোনা যায়।
এই ঘটনা ঘটে এমন এক সময়, যখন মাত্র দুই দিন আগে সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়ার পরও দেশটির পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
মাদুরোকে সরিয়ে নেওয়ার পর তার ডেপুটি দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। সূত্র জানায়, দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই এই গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় সময় সোমবার রাত আটটার দিকে কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের আকাশে একটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। নিরাপত্তা বাহিনী ড্রোন লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে বলে জানানো হয়েছে।
প্রাসাদ থেকে প্রায় পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী জানান, প্রায় এক মিনিট ধরে গুলির শব্দ শোনা যায়। তবে তা শনিবার ভোররাতে চালানো মার্কিন হামলার মতো তীব্র ছিল না। তিনি বলেন, আকাশে কোনো উড়োজাহাজ দেখা যায়নি, শুধু দুটি লাল আলো দেখা যাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে ট্রেসার বুলেটের মতো আলো দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, গুলির ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত প্রাসাদের দিকে ছুটে যান।
এ বিষয়ে জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।