মায়ানমারের রাখাইন জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি তিনটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে আরাকান আর্মি। জেলেদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে। গত মঙ্গলবার বিকেলে রাখাইনভিত্তিক একটি ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।
টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আরাকান আর্মি জাকিরের মালিকানাধীন একটি ট্রলার ও ছয় রোহিঙ্গা জেলেকে আটক করে। আরও দুইটি ট্রলারসহ ১০ জেলে আরাকান আর্মির হেফাজতে রয়েছে। তবে ওই ট্রলার মালিক বা জেলেদের পরিবার কারও সঙ্গে যোগাযোগ করেননি।
রাখাইনভিত্তিক গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, অনুপ্রবেশ ঠেকাতে আরাকান কোস্টাল সিকিউরিটি পেট্রোল নিয়মিত টহল দেয়। মঙ্গলবার বিকেলে মংডু এলাকার সাগর থেকে ছয় জেলেসহ একটি ট্রলার এবং একই দিন রাথেডং উপকূলে অভিযান চালিয়ে আরও দুইটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করা হয়। জাল, মাছসহ সব মালামালও জব্দ করা হয়েছে।
আরাকান আর্মির হাতে আটক তিনটি ট্রলার ও ১৬ জেলেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আরাকান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৮৮ বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা মুক্ত করেছিল আরাকান কর্তৃপক্ষ। তবে প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।