ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে রান্নাবান্নার ঘটনায় দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পৃথক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মণ্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার। আদেশে স্বাক্ষর করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ।
আদেশে বলা হয়, লেবার ওয়ার্ডের অস্ত্রোপচার কক্ষের ভেতরে গ্যাসের চুলায় রান্না করা চরম দায়িত্বহীনতা ও শৃঙ্খলাবিরোধী কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে রান্নার ভিডিও ছড়িয়ে পড়া এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে নার্সিং পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিভাগীয় মামলা দায়ের ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। তবে বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বরখাস্তের আদেশের কপি হাতে পাওয়া গেছে এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি তদন্ত করছে।
সম্প্রতি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে রান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অস্ত্রোপচার কক্ষে গ্যাসের চুলায় শীতের পিঠা তৈরি করছেন দুই নার্স। পাশের কক্ষেই প্রসূতিদের অস্ত্রোপচার চললেও ওই কক্ষে নার্স ও রোগীর স্বজনদের অবাধ চলাচল দেখা যায়।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।