বলিউডের বক্স অফিসে দাপুটে অবস্থান ধরে রেখেছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। এই সিনেমার সাফল্যের মধ্য দিয়েই কাটতে শুরু করেছে অভিনেতার ক্যারিয়ারের সাম্প্রতিক মন্দাভাব। এমন সময় জনসম্মুখে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে দেখা গেল রণবীরকে। মুম্বাই বিমানবন্দরে নামতেই শুরু হয় শোরগোল।
ভক্ত ও আলোকচিত্রীরা রণবীরকে দেখেই ‘ধুরন্ধর’ সিনেমার স্লোগান দিতে থাকেন। হঠাৎ তৈরি হওয়া এই উন্মাদনায় আপ্লুত হয়ে পড়েন দীপিকাও। স্বামীর সাফল্যে ভক্তদের এমন উচ্ছ্বাস দেখে তিনি মুচকি হেসে নিজের অনুভূতি প্রকাশ করেন। এরপর রণবীরের পাশেই হেঁটে বিমানবন্দর ত্যাগ করেন এই তারকা দম্পতি। বরাবরের মতো সেদিনও একে অপরের হাত ধরে হাঁটতে দেখা যায় তাঁদের।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন বছরের ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন রণবীর ও দীপিকা। ছুটি শেষে দেশে ফিরলেও বক্স অফিসে রণবীরের সাফল্যের ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে।
মুক্তির ষষ্ঠ সপ্তাহেও বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৭৫৬ কোটি রুপিতে। সিনেমা বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহেই এই আয় ৭৭৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে।
উল্লেখ্য, ক্যারিয়ারের সাম্প্রতিক কয়েকটি সিনেমা আশানুরূপ সাড়া না পেলেও ‘ধুরন্ধর’-এর মাধ্যমে আবারও নিজের জনপ্রিয়তা ও বাজারমূল্য প্রমাণ করেছেন রণবীর সিং। বিশ্বজুড়ে সিনেমাটির বাণিজ্যিক সাফল্য ও একের পর এক রেকর্ড ভাঙার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু।