চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে তিনি ফিরছেন বাংলাদেশের মাটিতে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফজলে এলাহী বলেন, “জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই ঢাকায় আসছেন তারেক রহমান।”
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান দেশে ফিরেই গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন, যা এখন নতুন রঙ ও নিরাপত্তা বেষ্টনীতে সজ্জিত হচ্ছে। বাসার ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে কাঁটাতারের বেড়া ও আধুনিক সিসিটিভি বসানো হচ্ছে।
এদিকে, তারেক রহমানের অফিস হিসেবেও প্রস্তুত হচ্ছে গুলশান-২ এর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে আধুনিকায়ন।
নিরাপত্তা ইস্যুতে ফজলে এলাহী বলেন, “তারেক রহমানের নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স সহযোগিতা করবে বলে আমরা আশা করছি।”
দেশে ফেরার আগে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি আপাতত স্থগিত করেছেন তারেক রহমান। নির্বাচন শেষে তিনি ওমরাহ পালনে যাবেন বলে জানা গেছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে। শিগগিরই অস্ত্রের লাইসেন্সও পাওয়া যাবে বলে জানান ফজলে এলাহী।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাড়ি জমান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর ডিসেম্বরেই তিনি দেশে ফিরছেন, দেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করার প্রত্যয়ে।