জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ সংশোধনের মাধ্যমে কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (২৩ আগস্ট) সিলেটে অংশীজন কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন,
“কমিশন গঠনে স্বচ্ছ, উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া চালু করা প্রয়োজন। তাহলেই দায়িত্বপ্রাপ্তরা নাগরিকদের মানবাধিকার রক্ষায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন।”
আইন মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগ এবং জাতীয় মানবাধিকার কমিশন যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে। এতে সহযোগিতা করে ঢাকার সুইজারল্যান্ডের দূতাবাস ও ইউএনডিপি।
ড. আসিফ নজরুল আরও আশা প্রকাশ করেন, আইনের যথাযথ সংশোধন ও বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও আস্থাভাজন জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।
কর্মশালায় উপস্থাপিত প্রবন্ধে কমিশনের বর্তমান ম্যান্ডেট, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। বক্তারা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, প্রতিকার এবং নিয়োগ প্রক্রিয়া সংস্কারের ওপর গুরুত্ব দেন।
সভায় সরকারি কর্মকর্তা, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন এবং কমিশনকে আরও শক্তিশালী করার জন্য গঠনমূলক মতামত প্রদান করেন।