ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও মধুখালী থানা পুলিশের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম বাদল সরকার (৫২)। তিনি ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।
সেনা ও পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুটি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার, হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা সূত্র আরও জানায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে অস্ত্র তৈরি করতেন এবং সেগুলো ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার বাদল সরকারের বিরুদ্ধে আগেও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় বাদল সরকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শনিবার তাকে আদালতে পাঠানো হবে।