বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিকভাবে না হয়, সেটার চেষ্টা করছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের ভালো সবকিছু বিএনপির হাতে হয়েছে। কিন্তু এমনভাবে বলা হয় যেন বিএনপি ভিলেন।” তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য এখন নির্বাচিত সরকার প্রয়োজন।
বিএনপি মহাসচিব নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন।” তিনি উল্লেখ করেন, কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে বিএনপি সেই সংস্কারের প্রকৃত বাহক।
ফখরুল আরও বলেন, যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তারা মিথ্যা প্রচার করছে। দেশের যা কিছু ভালো হয়েছে, তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। তিনি জিয়াউর রহমানের জাতি গঠনে অসাধারণ অবদানের কথাও স্মরণ করান এবং বলেন, তার দেখানো পথে তারেক রহমানও এগিয়ে যাচ্ছেন।
জিয়াউর রহমান ৭১ সালে মারা গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো এবং লিবিয়া বা আফগানিস্তানের মতো পরিস্থিতি তৈরি হতো বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।