আইপিএল ২০২৬ মৌসুম সামনে রেখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে তার পরিবর্তে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজিটি তার পরিবর্তে অন্য খেলোয়াড় দলে নিতে পারবে।
আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে তাকে দলে নেওয়াকে কেন্দ্র করে ভারতে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়।
পরবর্তীতে বিভিন্ন মহলের আপত্তি ও বিক্ষোভের মুখে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে আসন্ন আইপিএল মৌসুমে মুস্তাফিজুর রহমানকে আর পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স।