রাজধানীতে আজ সকালে শীতের দাপট কিছুটা কমেছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় কিছুটা বেশি। গতকাল রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর অথবা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২৮ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৩ মিনিটে।