বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ অনুমতি দেওয়া হয়েছে।
রোববার রাতের দিকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতিপত্র পাওয়া গেছে।
শায়রুল কবির খান আরও জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠান।
তিনি বলেন, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে অনুমতিপত্রটি পৌঁছে দেন। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী চিঠিটি গ্রহণ করেন।