আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ৭১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল কার্যক্রম শুরু হয়েছে।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবির সদস্যরা চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।
বিজিবির রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহামুদুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। পরিস্থিতির ওপর নজর রেখে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রয়েছে।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি ও জাতীয় পার্টিসহ মোট ২৫টি রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।