ঢাকা–চট্টগ্রামসহ ছয় রুটে ট্রেনের ভাড়া সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। পন্টেজ চার্জ পুনর্গঠনের কারণে নতুন এই ভাড়া কার্যকর হবে আগামী ২০ ডিসেম্বর থেকে। ওই দিনের অগ্রিম টিকিটেও নতুন ভাড়া প্রযোজ্য হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের আওতায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ রয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–কক্সবাজার, ঢাকা–সিলেট, চট্টগ্রাম–সিলেট, চট্টগ্রাম–জামালপুর এবং ঢাকা–দেওয়ানগঞ্জ রুটের মোট ১১টি সেতুতে পন্টেজ চার্জ ধার্য করা হয়েছে। সর্বশেষ এই চার্জ সংশোধন হয়েছিল ১৯৮২ সালে।
পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় পন্টেজ চার্জ সমন্বয় করা হয়েছে। একই কারণে ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৫ নভেম্বর রেলওয়ের উপপরিচালক (মার্কেটিং) শাহ আলম স্বাক্ষরিত নির্দেশনায় ২০ ডিসেম্বর থেকে নতুন হার কার্যকরের কথা জানানো হয়। পরে ৮ ডিসেম্বর সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জসিম উদ্দিন ভূইঞা এতে অনুমোদন দেন। নতুন সেতু নির্মাণ ও পুরোনো সেতু সম্প্রসারণও চার্জ সংশোধনের অন্যতম কারণ বলে জানিয়েছেন ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট তারেক ইমরান।
চলতি বছরের ২৫ মে রেল সচিব মো. ফাহিমুল ইসলাম বেস ভাড়া না বাড়িয়ে বিকল্প আয় বাড়ানোর নির্দেশ দেন। এরপর ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুগুলোতে পন্টেজ চার্জ পুনর্বিবেচনার সিদ্ধান্ত আসে।
কোন রুটে কত ভাড়া বাড়ল
ঢাকা–চট্টগ্রাম
বাণিজ্যিক দূরত্ব ৩৪৬ কিমি থেকে ৩৮১ কিমি ধরায় সোনার বাংলা এক্সপ্রেসে স্নিগ্ধা ভাড়া ৮৫৫ থেকে ৯৪৩ টাকা হয়েছে। ফার্স্ট বার্থ ১,০২৫ থেকে ১,১৩৩ টাকা এবং এসি সিট ১,৫৯০ থেকে ১,৭৪৬ টাকা।
ঢাকা–কক্সবাজার
পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেসে স্নিগ্ধা ১,৩২২ থেকে ১,৪৪৯ টাকা। এসি সিট ১,৫৯০ থেকে ১,৭৪০ এবং এসি বার্থ ২,৪৩০ থেকে বেড়ে ২,৬৫৬ টাকা— যা সর্বোচ্চ বৃদ্ধি।
ঢাকা–সিলেট
স্নিগ্ধা ৭১৯ থেকে ৭৮৮ টাকা। এসি সিট ৮৬৩ থেকে ৯৪৩ এবং এসি বার্থ ১,৩৩৮ থেকে ১,৪৬৫ টাকা।
চট্টগ্রাম–সিলেট
স্নিগ্ধা ৮৫৭ থেকে ৯০৯ টাকা। শোভন চেয়ারে ২৫ টাকা বৃদ্ধি। ফার্স্ট বার্থ ১,১৩৭ টাকা, এসি সিট ১,০৮৭ টাকা এবং এসি বার্থ ১,৫৯১ থেকে বেড়ে ১,৬৭৮ টাকা।
চট্টগ্রাম–জামালপুর
শোভন চেয়ার ৫২৫ থেকে ৫৪৫ টাকা। স্নিগ্ধা ১,০০৭ থেকে ১,০৪১ টাকা। এসি সিট ১,২৫৪ এবং এসি বার্থ ১,৯২৫ টাকা নির্ধারিত।
ঢাকা–দেওয়ানগঞ্জ
শোভন চেয়ার ২৫০ থেকে ২৫৫ টাকা। স্নিগ্ধা ৪৭৮ থেকে ৪৮৯ টাকা। এসি সিট ৫৮৭ এবং এসি বার্থ ৯২৪ টাকা।