তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ফার্মগেট ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার সকাল সোয়া ১০টার পর তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শ শিক্ষার্থী মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সড়ক অবরোধের ফলে ফার্মগেট, তেজগাঁওসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যানজটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনার পর থেকেই দোষীদের বিচার দাবিতে সাকিবুল হাসান রানার সহপাঠীরা আন্দোলন করে আসছেন। এর আগেও একাধিকবার একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা। আজও বিচার দাবিতে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।