শাবিপ্রবিতে শিক্ষার্থী অজয়ের বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের শিক্ষার্থী অজয় চন্দ্র বর্মণের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে বাংলা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ঘুরে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন—‘প্রহসনের বহিষ্কার, মানি না মানব না’, ‘অজয়ের বহিষ্কারাদেশ, প্রত্যাহার করতেই হবে’, ‘জাস্টিস ফর অজয় বর্মণ’ ইত্যাদি।

মানববন্ধনে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুয়েল হোসেন বলেন, “অজয় জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে ছিল। অস্ত্র ও মাদকসংশ্লিষ্টতার অভিযোগে প্রশাসনের এই অযৌক্তিক বহিষ্কার পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”

আরেক শিক্ষার্থী আবদুল্লাহ বলেন, “অজয় কোনো মাদক বা অস্ত্রের সঙ্গে জড়িত নয়। এই বহিষ্কারাদেশ অন্যায্য। দ্রুত সময়ে এটি প্রত্যাহার করতে হবে, নইলে আমরা কঠোর আন্দোলনের দিকে যাব।”

২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৩৭তম সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা এবং আবাসিক হলে অস্ত্র ও মাদক রাখার দায়ে ৫৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। এর মধ্যে শাহপরাণ হলের কক্ষে অস্ত্র ও মাদক রাখার অভিযোগে অজয় চন্দ্র বর্মণকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। তিনি বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *