গাজীপুরের টঙ্গীতে এক্সপোর্ট ভিলেজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ চলাকালে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে হঠাৎ একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি আতঙ্কের সৃষ্টি হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্বাভাবিকভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে হঠাৎ করে অনেক শ্রমিকের মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট ও অস্বস্তিজনিত উপসর্গ দেখা দেয়। অসুস্থদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। অল্প সময়ের মধ্যে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভিড় ও চাপ বেড়ে যায়।
কারখানার শ্রমিক সাইফুল জানান, এর আগেও গত সোমবার একই ধরনের ঘটনা ঘটেছিল। সেদিন অন্তত ২০ জন শ্রমিক অসুস্থ হয়েছিলেন। তিনি বলেন, হঠাৎ করেই সহকর্মীরা মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করলে সবাই মিলে তাদের হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ শ্রমিক আখি আক্তার বলেন, কাজের সময় হঠাৎ মাথা ঘোরা ও বুক ধরফর শুরু হয়। পরে বমি করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার মতো আরও অনেক শ্রমিক একই অবস্থার শিকার হন। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে হাসপাতালে দেখতে পান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, শ্রমিকরা কেন অসুস্থ হচ্ছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খাবার বা পানির লাইনে সমস্যা, কিংবা কারখানার ভেতরে কোনো গ্যাসের প্রভাব রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত অসুস্থতার সঠিক কারণ নির্ণয় ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।