দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে বাংলাদেশ নারী ফুটসাল দল। সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকারের নেতৃত্বাধীন দল।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বুধবার অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ম্যাচের দ্বাদশ মিনিটে প্রথম গোল হজম করার পর অল্প সময়ের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করে শ্রীলঙ্কা। তবে চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাঈদ খোদারাহমির শিষ্যরা।
১৮তম মিনিটে কৃষ্ণা রানী সরকারের সঙ্গে দৃষ্টিনন্দন বল আদান-প্রদানের পর নিখুঁত শটে গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক সাবিনা খাতুন। প্রথমার্ধের শেষ মিনিটে আবারও সাবিনা-কৃষ্ণা জুটি আলো ছড়ায়। বাইলাইনের ওপর থেকে কৃষ্ণার কাটব্যাক পাসে সাবিনা গোল করলে ২-২ সমতায় বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ২৮তম মিনিটে সাবিনার কর্নার থেকে বাঁ পায়ের প্লেসিং শটে গোল করেন মাতসুশিমা সুমাইয়া। এতে প্রথমবারের মতো এগিয়ে যায় বাংলাদেশ। ৩৫তম মিনিটে সাবিনার পাসে গোলমুখে আলতো টোকায় ব্যবধান বাড়ান কৃষ্ণা রানী সরকার।
এর তিন মিনিট পর সাবিনার ক্রস গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে জাল খুঁজে নেন মাসুরা পারভীন। ম্যাচের শেষ মিনিটে আবারও সাবিনার নিখুঁত পাসে দারুণ নৈপুণ্যে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন কৃষ্ণা।
এই জয়ে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ১০। টুর্নামেন্টের শুরুতে ভারতকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাবিনারা। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবার জয়ের ধারায় ফেরে দল।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আগামী শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।