ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর পথসভার জন্য প্রস্তুত করা মঞ্চ ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। সোমবার বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় তিনি এ অভিযোগ করেন।
উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে বিকেলে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকেই সেখানে একটি মঞ্চ প্রস্তুত করা হয়। তবে অভিযোগ অনুযায়ী, সভার আগেই মঞ্চটি ভেঙে ফেলা হয়। ফলে নির্ধারিত স্থানে সভা করতে না পেরে তিনি নিজ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দেন।
বিকেল পাঁচটার দিকে বক্তব্যে রুমিন ফারহানা বলেন, তাঁর প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই বাধা সৃষ্টি করেছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে এই অন্যায়ের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ বালু ব্যবসা ও নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও জানান।
এরপর সন্ধ্যায় পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর বাজারে আরেকটি পথসভায় বক্তব্য দেন রুমিন ফারহানা। সেখানে তিনি বলেন, দীর্ঘ সময়ের দমন-পীড়নের মধ্যেও তিনি প্রকাশ্যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং ভবিষ্যতেও আপস করবেন না।
উল্লেখ্য, রুমিন ফারহানা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির আন্তর্জাতিক–বিষয়ক সহসম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা জুনায়েদ আল হাবিব। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।