আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন পূর্ব ও পরবর্তী অন্তত এক মাস সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।
বক্তব্যে বলা হয়, অতীত নির্বাচনী অভিজ্ঞতা সংখ্যালঘুদের জন্য উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যম, সভা-সমাবেশ ও ধর্মীয় প্ল্যাটফর্মে বিদ্বেষমূলক বক্তৃতা সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।
সভায় নয় দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো—
-
সব নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা,
-
জাতীয় ও স্থানীয় নির্বাচনে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা,
-
নির্বাচন পূর্ব ও পরে এক মাস সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েন করা,
-
সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা, লুটপাট ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলামিস্ট ফরহাদ মজহার, লেখক মহিউদ্দিন আহমদ, সাংবাদিক সোহরাব হাসান, হাসান হাফিজ, এম এ আজিজ, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।