তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের প্রকৃত পরিবর্তন চাইলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। গণভোটে অন্তর্ভুক্ত বিষয়গুলোতে ‘না’ বলার কোনো যুক্তিসংগত কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।
ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গার মুরাদ সিকদারের বাড়ির উঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, “ভোট আপনার অধিকার। এই অধিকার প্রয়োগ করতে হবে। ১২ ফেব্রুয়ারি আপনাদের দুইটি ভোট দিতে হবে—একটি আপনার এলাকার যোগ্য সংসদ সদস্য নির্বাচনের জন্য, আরেকটি দেশের পদ্ধতি পরিবর্তনের জন্য।”
তিনি আরও বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি একটি দায়িত্বও। এবারের গণভোট মানে দেশের শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তনের সুযোগ।”
উপদেষ্টা উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষা, জনগণের ক্ষমতা বৃদ্ধি, সংসদে নারীর নেতৃত্ব বাড়ানো, যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা এবং চাটুকারিতা কমাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
তিনি বলেন, “আমরা আগেও স্বৈরাচার হটিয়েছি, কিন্তু গণতন্ত্র মুক্ত হয়নি। কারণ ব্যক্তি বদলালেও পদ্ধতি বদলায়নি। পদ্ধতি না বদলালে পরিবর্তন আসে না।”
তিনি আরও বলেন, এমন নেতা নির্বাচন করতে হবে, যিনি ভোটে জিতে জনগণকে ভুলে যাবেন না এবং ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না।
উঠান বৈঠকে উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা। প্রাণবন্ত পরিবেশে নির্বাচন ও গণভোট বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন তিনি।
এসময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। তা না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন বাস্তবায়ন সম্ভব হবে না।” তিনি ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, “গণভোটের বিষয়গুলো পরিষ্কারভাবে জানানোর জন্য আমরা মাঠপর্যায়ে এসেছি। যেন কোনো বিভ্রান্তি না থাকে এবং সবাই সঠিকভাবে ভোট দিতে পারেন।” তিনি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্মসচিব মাহফুজা আখতার, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিস ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।