কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে উপজেলার দলদলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমান (৩০) এবং ধামশ্রেনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বেশিরভাগ নেতা পালিয়ে যায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম পিপিএম জানান, অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে, যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সতর্ক অবস্থানে আছে।