ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার এই চিঠি পাঠিয়েছে পিসিবি।
চিঠিতে আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার বর্তমান বাস্তবতায় ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে যৌক্তিক বলে উল্লেখ করেছে পাকিস্তান। তবে এই সমর্থনের ফলে আইসিসির সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না বলেই জানা গেছে।
বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না রেখে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি নিয়ে বুধবার একটি গুরুত্বপূর্ণ বোর্ড সভা ডেকেছে আইসিসি। এই সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। পিসিবির চিঠির প্রেক্ষিতেই এই সভা আহ্বান করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি ইএসপিএনক্রিকইনফো।
এর আগে একই ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানানো হয়েছিল, বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে বিসিবিকে এবং এই সময়ের মধ্যেই বিশ্বকাপ ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ঠিক তার আগের দিন পিসিবির চিঠি পুরো বিষয়টিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসির অবস্থানে কোনো পরিবর্তন আসছে না।
বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বিসিবি। অন্যদিকে ভেন্যু পরিবর্তন না করার সিদ্ধান্তে অটল রয়েছে আইসিসিও। দুই দফা আনুষ্ঠানিক বৈঠকসহ একাধিক আলোচনায় দুই পক্ষই নিজেদের অবস্থান বারবার তুলে ধরেছে। বিসিবির পক্ষ থেকে দফায় দফায় নিরাপত্তা শঙ্কার বিষয়টি সামনে আনা হলেও আইসিসি বরাবরই দাবি করছে, কোনো দলের জন্য নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।
এরই মধ্যে পাকিস্তানের সংবাদমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে চায় পিসিবি, এমনকি বাংলাদেশের সমর্থনে পাকিস্তানও বিশ্বকাপ খেলবে না—এমন খবরও প্রকাশিত হয়েছে। তবে এসব দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বরং পিসিবির বরাতে গালফ নিউজ জানিয়েছে, এই ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। মন্তব্য চাইলেও ইএসপিএনক্রিকইনফোর অনুরোধে সাড়া দেয়নি পিসিবি।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী প্রথম দিনেই মাঠে নামার কথা বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচটি হওয়ার কথা কলকাতায়। তবে বাংলাদেশ যে সেখানে যাচ্ছে না, তা প্রায় নিশ্চিত। কলকাতার পরিবর্তে কলম্বো কিংবা ক্যান্ডিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শিগগিরই।