চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শ্রীশ্রী লোকনাথ আশ্রম মন্দির থেকে চুরি হওয়া সোনা ৪০ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে সোনা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর মন্দিরের বিগ্রহের মাথায় থাকা মুকুট থেকে দুই ভরি ওজনের সোনা চুরি হয়। এ ঘটনায় মামলা করার পর ১৮ অক্টোবর কক্সবাজারের রামু উপজেলা থেকে পিন্টু ধর (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, পিন্টু ধর একজন পেশাদার চোর এবং তাঁর বিরুদ্ধে লোহাগাড়া ও রামু থানায় আরও দুটি চুরির মামলা আছে।
দুই দিনের রিমান্ডে পিন্টুর স্বীকারোক্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সোনা গলানো অবস্থায় চট্টগ্রাম নগর থেকে উদ্ধার করা হয়। শনিবার বিকেলে পিন্টুকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।