রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত থেকেই কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক ও দক্ষিণখানসহ অন্যান্য এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া গেছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান বলেন, ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কারের অংশ হিসেবে ব্যবহৃত রাসায়নিক পদার্থের কারণে এই ধরনের গন্ধ ছড়াতে পারে। এছাড়া কোথাও পাইপলাইন লিকেজ থাকলেও গন্ধ পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, আতঙ্কিত না হয়ে গ্যাসের গন্ধ পেলে সরাসরি তিতাস হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। জরুরি পরিস্থিতিতে ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।