আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স প্রদেশের কার্লোস স্পেগাজিনি শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে পুড়ে গেছে জাতীয় দলের সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়ি। যদিও দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না আরমানি বা তাঁর পরিবারের কেউ।
স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, কেমিক্যাল থেকে ছড়িয়ে পড়া বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। আরমানির বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত না হলেও এলাকাজুড়ে ছড়িয়ে পড়া ক্ষতিকর রাসায়নিকের কারণে সেখানে এখনই ফেরা সম্ভব নয়। দুর্ঘটনাস্থলের আশপাশে যাতায়াতও বন্ধ রাখা হয়েছে।
শিল্পাঞ্চল হওয়ায় বিস্ফোরণের প্রভাব ২০ মিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ এবং জরুরি সেবা কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের এজেইজা ইন্টারজোনাল হাসপাতাল ও ক্যানিং হেলথ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও জীবনঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার সময় রিভার প্লেটের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি একটি হোটেলে অবস্থান করছিলেন। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি এবং ২০২২ কাতার বিশ্বকাপেও ছিলেন দলে।