অবশেষে অপেক্ষার অবসান শেষে দীপাবলির আবহে প্রথমবারের মতো কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। উৎসবের সাজে ঝলমল করে উঠেছে এই তারকা পরিবারের তিন সদস্য।
দীপাবলির আয়োজনে মা ও মেয়ে দুজনেই লাল রঙের পোশাকে সেজেছেন। ছোট্ট দুয়ার পরনে ছিল জমকালো চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। তার মাথায় বাঁধা ছিল দুই পাশে ছোট ঝুঁটি। দীপিকার পোশাকের রঙও মেয়ের সঙ্গে মিলিয়ে রাখা হয়, যেন উৎসবের সাজে তৈরি হয় এক সুন্দর সাদৃশ্য। অন্যদিকে, রণবীর সেজেছিলেন সাদা ও ঘিয়ে রঙের মিশেলে ঐতিহ্যবাহী শেরওয়ানিতে।

ছবিগুলোতে দেখা গেছে, কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে বাবা–মাকে কিছু দেখাচ্ছে। রণবীর ও দীপিকা কন্যাকে আদরে ভরিয়ে রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি ছবি পোস্ট করে তারা লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।”
ছবিগুলো প্রকাশের পর অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ বলছেন দুয়া দেখতে হুবহু দীপিকার মতো, আবার কেউ বলছেন মেয়ের মুখে রণবীরের ছাপ স্পষ্ট। শেষ ছবিতে দেখা গেছে—দীপিকার কোলে বসে ঈশ্বরের উদ্দেশে জোড়হাতে প্রার্থনা করছে ছোট্ট দুয়া।
উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরদিন কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। এরপর দীপাবলিতে মেয়ের ছোট্ট পায়ের ছবি প্রকাশ করে নাম জানান ‘দুয়া’। সেই ধারাবাহিকতায় এ বছর দীপাবলির দিনেই মেয়ের মুখ উন্মোচন করলেন এই তারকা দম্পতি।