করাচিতে পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু নিয়ে এবার নতুন মোড় এসেছে। স্থানীয় আদালত হুমাইরার মৃত্যুকে কেন্দ্র করে ফৌজদারি মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। আদালতের মতে, প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, হুমাইরার পরিবারের পক্ষ থেকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআরআই) দাখিল করতে হবে। এছাড়া, মেকআপ আর্টিস্ট, হুমাইরার ভাইসহ কিছু ব্যক্তিকে তদন্তের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর পরও হুমাইরার ফোন সচল ছিল। তবে পরিচিত মেকআপ আর্টিস্টের কলের উত্তর তিনি দেননি। পরে হঠাৎ হুমাইরার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি সরিয়ে দেওয়া হয়, যা সন্দেহ আরও বাড়িয়েছে।
হুমাইরার মরদেহ ৮ জুলাই করাচির ডিফেন্স ফেজ–৬–এর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জানা গেছে, তিনি প্রায় আট মাস আগে মারা গেছেন। পরিবার সূত্রে জানা যায়, হুমাইরা শেষবার সেপ্টেম্বর ২০২৪–এ একটি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন।
ফ্ল্যাট থেকে পাওয়া কিছু সামগ্রীর রাসায়নিক পরীক্ষায় সমুদ্র লবণ পাওয়া গেছে, যা দুর্গন্ধ দূর এবং পোকামাকড় তাড়ানোর জন্য ব্যবহার করা হতে পারে। পুলিশ জানিয়েছেন, এ বিষয়গুলোও তদন্তের অংশ হবে।
আদালতের নির্দেশের পর, সংশ্লিষ্ট ব্যক্তিদের—মেকআপ আর্টিস্ট, ভাই ও অন্যান্য—জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে হুমাইরার মৃত্যুর রহস্যের আড়াল উন্মোচিত হবে।