আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার জামায়াতের আপিলের চতুর্থ দিনের শুনানি শেষে এই মন্তব্য করেন শিশির মনির। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শিশির মনির বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ব্যবস্থা। তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে এটি বাতিল হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার সব সময় গ্রহণযোগ্য ব্যবস্থা এবং এর সময়োপযোগী পর্যবেক্ষণ জরুরি।”
২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন। এরপর ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন। এই আপিলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ ৫ জন অংশ নিয়েছেন।