স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন।
মামলাটি রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হয়, যেখানে হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। একই মামলায় আহসান হাবিব সেলিম নামের আরও একজন আসামির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এজন্য জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যে পারিবারিক কলহের জেরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। এরপর গত ২১ জুন মীমাংসার জন্য হাতিরঝিল এলাকায় এক বৈঠকে হিরো আলমসহ কয়েকজন রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই সময় হামলায় রিয়া মনির শরীরে জখম হয় এবং তার গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নেওয়া হয়।
ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন, যার পরিপ্রেক্ষিতে আজ আদালত এ পরোয়ানা জারি করেন।