আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায়বিচার পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
তিনি বলেন, যেসব প্রার্থী মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন, সেগুলোর নিষ্পত্তি আইনি ভিত্তিতেই করা হবে। কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
সিইসি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছভাবে পরিচালিত হবে। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা কমিশনে এসে মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে আবেদন জমা দিচ্ছেন।
ইসি সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।