মাদকাসক্তি থেকে মুক্তি পেতে পুনর্বাসন কার্যক্রমে যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শন উইলিয়ামস। ফলে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে কার্যত শেষ হয়ে গেল এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার।
৩৯ বছর বয়সী উইলিয়ামস জিম্বাবুয়ের হয়ে তিন ফরম্যাটে ৯ হাজারের বেশি রান ও ১৫০ উইকেট নিয়েছেন। সম্প্রতি হারারেতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা অঞ্চলের কোয়ালিফায়ার থেকেও তিনি নাম প্রত্যাহার করেছিলেন।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়েছে, এক অভ্যন্তরীণ অনুসন্ধানে জানা গেছে— মাদকাসক্তি সংক্রান্ত ব্যক্তিগত সমস্যার কারণেই নিজেকে জাতীয় দল থেকে সরিয়ে নিয়েছেন উইলিয়ামস। পাশাপাশি তিনি স্বেচ্ছায় পুনর্বাসন প্রোগ্রামে ভর্তি হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, “উইলিয়ামস আর জাতীয় দলের স্কোয়াডের জন্য বিবেচিত হবেন না। জেডসি আশা করে, কেন্দ্রীয় চুক্তিভুক্ত প্রতিটি ক্রিকেটার যেন পেশাদারীত্ব, শৃঙ্খলা ও অ্যান্টি-ডোপিং নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে।”
উইলিয়ামসের অতীত শৃঙ্খলাভঙ্গ ও দলের প্রতি অনিয়মিত আচরণের বিষয়টিও বিবেচনায় নিয়েছে জেডসি। তবে বোর্ড জানিয়েছে, পুনর্বাসনে যাওয়ার সিদ্ধান্তটি ‘দায়িত্বশীল ও প্রশংসনীয় পদক্ষেপ’।
তিন ফরম্যাট মিলিয়ে জিম্বাবুয়ের নেতৃত্ব দিয়েছেন ২১ ম্যাচে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২৭৩ ম্যাচ। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তার সঙ্গে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থাকলেও পুনর্বাসন প্রক্রিয়া শুরুর পর কার্যত আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল শন উইলিয়ামসের।