চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঁচ হাজার পবিত্র কোরআন বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী বুদ্ধিজীবী চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী সানজিদা ফারিয়া বলেন, “এই উদ্যোগটি ব্যতিক্রমী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও পারিপার্শ্বিকতার কারণে ধর্মীয় চর্চা থেকে অনেক সময় দূরে সরে যাই। এই উদ্যোগ আমাদের আবারও ধর্মীয় অনুশাসনের দিকে ফিরিয়ে নিয়ে যাবে।”
আরেক শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ জানান, “অনেক সময় মোবাইল অ্যাপে কোরআন থাকলেও পড়া হয় না। কিন্তু এই কোরআনে আরবি ও বাংলা অনুবাদ একসঙ্গে থাকায় পড়া সহজ হবে। আমি নিজের পাশাপাশি বন্ধুর জন্যও একটি নিয়েছি।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আমাদের লক্ষ্য পাঁচ হাজার কোরআন বিতরণ করা। মাত্র দুই ঘণ্টায় এক হাজার কোরআন বিতরণ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে।”
তিনি আরও জানান, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও জিরো পয়েন্টে পানির ফিল্টার উদ্বোধন করা হবে। এ সময় শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, ছাত্রী সংস্থার নেত্রী নাহিমা আক্তার দ্বীপাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।