বিসিবি সভাপতি ফারুক আহমেদের আশ্বাসে ম্যাচ খেলতে রাজি হয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা। বিপিএলের ঢাকায় প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার শুরু হবে চট্টগ্রাম পর্ব। অথচ এখনও পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীতে খেলা দেশি ও বিদেশি ক্রিকেটাররা।
যে কারণে বুধবার সকাল ১০টায় চট্টগ্রামে অনুশীলন বয়কট করেন দলটির ক্রিকেটাররা। সন্ধ্যায় ক্রিকেটারদের আশ্বস্ত করতে চট্টগ্রামে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। হোটেল র্যাডিসনে ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতির মিটিংও হয়। জানা গেছে, ফারুক আশ্বস্ত করায় ক্রিকেটাররা ম্যাচ খেলতে রাজি হয়েছেন।
নির্ধারিত সময়ে প্রথম কিস্তির টাকা না দেওয়া ক্রিকেটারদের মধ্যে অস্বস্তি আগে থেকে ছিল। তার ওপর দেরিতে পাওয়া ২৫ শতাংশ সম্মানীর চেক বাউন্স হয়েছে। তাই গত দু’দিন চট্টগ্রামে অনুশীলনও করেননি রাজশাহীর ক্রিকেটাররা।
রাজশাহীকে ফ্র্যাঞ্চাইজি করার সময়ই সমালোচনা ছিল। আর্থিক সক্ষমতা নিয়েও ছিল প্রশ্ন। বিসিবি সভাপতি আশ্বস্ত করলেও রাজশাহীর ক্রিকেটাররা কবে নাগাদ টাকা পেতে পারেন, তা কেউ বলতে পারছেন না।
বিসিবি সূত্রে জানা গেছে, এত কিছু ঘটে যাওয়ার পরও মালিক পক্ষের কেউ খেলোয়াড়দের সঙ্গে দেখা করেননি। এ ব্যাপারে দলের ম্যানেজার মেহরাব হোসেন অপিকে ফোন করে সাড়া পাওয়া যায়নি।
তবে দলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মালিকের স্ত্রী বলের আঘাতে আহত হওয়ায় চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। সেখান থেকে ফিরতে দেরি হওয়ায় টাকা নগদ করা সম্ভব হচ্ছে না। মালিক অপারেশন্স ম্যানেজারকে বলেছেন, দেশে ফিরে ক্রিকেটারদের নগদ টাকা দেবেন।