জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ভিপি, জিএস ও এজিএস এই তিনটি গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।
ফলাফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এই পদে ভোটের ব্যবধান দাঁড়ায় ৮৮০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এই পদে বিজয়ী প্রার্থী প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ২৬৭ ভোট বেশি পেয়েছেন।
অন্যদিকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।
এই ফলাফলের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের স্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।