রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেটের পাশের একটি বাসায় পরিবারসহ থাকেন। ভোরে হঠাৎ গ্যাস লাইন বিস্ফোরণে তারা দগ্ধ হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদের ঢামেকে নিয়ে আসে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা চলছে। তবে বর্তমানে তাদের ড্রেসিং হওয়ায় দগ্ধের মাত্রা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।