ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বহু প্রতীক্ষিত এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা, উৎসবমুখর পরিবেশ এবং ছাত্রদের মধ্যে দৃশ্যমান আগ্রহ। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে লাইনে অপেক্ষা করছেন।
টিএসসি কেন্দ্রে ১২০টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে প্রথমবারের মতো ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তুরিন মেহেরিন। তিনি বলেন, ” জীবনে এটিই আমার প্রথমবারের মতো ভোট দেওয়া। তাই সকাল ৮টার আগেই এসে লাইনে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে প্রথম ভোটের উচ্ছাস কাজ করছে। আমার ভোট হবে মুক্তচিন্তা ও স্বাধীনতার পক্ষে। ”
উল্লেখ্য, চলমান এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট গ্রহণ চলছে। ভোটারদের জন্য ব্যবহৃত হচ্ছে ৬ পৃষ্ঠার ওএমআর ব্যালট, যার ৫ পৃষ্ঠা কেন্দ্রীয় সংসদের এবং ১ পৃষ্ঠা হল সংসদের জন্য নির্ধারিত। প্রতিটি ভোটারকে দুটি আলাদা ব্যালট বক্সে ব্যালট পেপার জমা দিতে হচ্ছে।
কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৫ জনসহ বিভিন্ন সম্পাদকীয় পদ ও সদস্য পদে আছেন আরও শতাধিক প্রার্থী। ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
নির্বাচনে অংশ নিচ্ছে নয়টি পূর্ণাঙ্গ প্যানেল ও অসংখ্য স্বতন্ত্র প্রার্থী। ছাত্রদল, বামপন্থি ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক ধারার প্যানেল এবার মাঠে রয়েছে। বেশ কিছু প্যানেল আংশিক মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। প্রতিটি হলেই প্রচারণা শেষে এখন চূড়ান্ত পরীক্ষার সময়।