গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে এবং শিশুদের রক্ষায় পোপ চতুর্দশ লিও’র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাডোনা লেখেন, “বেশি দেরি হওয়ার আগেই দয়া করে গাজায় যান; শিশুদের কাছে আপনার আলো পৌঁছে দিন। একজন মা হিসেবে তাদের কষ্ট আমি সহ্য করতে পারছি না। শিশুদের প্রতি বিশ্বের সবারই দায়িত্ব আছে।”
পোপের উদ্দেশে তিনি আরও লেখেন, “আমাদের মধ্যে আপনিই একমাত্র ব্যক্তি, যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। আমাদের মনের দরজা খুলতে হবে, যেন শিশুদের জীবন বাঁচানো যায়। আর সময় নেই, দয়া করে বলুন আপনি যাবেন।”
ম্যাডোনার এই পোস্টে ৩ লাখ ২৭ হাজারের বেশি প্রতিক্রিয়া ও সাড়ে ১৫ হাজার মন্তব্য পড়েছে।
এমন সময় এই আহ্বান এল, যখন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান যৌথ বিবৃতিতে গাজার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে।
এটি প্রথম নয়; গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন ম্যাডোনা। ২০২৩ সালে লন্ডনে এক কনসার্টে তিনি বলেছিলেন, “শিশুদের কষ্ট, তরুণদের কষ্ট, বয়স্কদের কষ্ট—সবই হৃদয়বিদারক। তবে আমাদের হৃদয় ভাঙলেও মনোবল ভাঙতে পারবে না।”
তিনি ভক্তদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং অনুদান দিতে আহ্বান জানিয়েছেন।