বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত তার পক্ষে পুরোপুরি এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ বিষয়ে সরকারের কোনো বাধা আছে কি না—এ প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, সরকারের তরফ থেকে এমন কোনো আপত্তি বা নিষেধাজ্ঞা নেই।
শফিকুল আলম আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে, মায়ের অসুস্থতা ও দেশে ফেরার প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন তারেক রহমান। তিনি লিখেন, সংকটময় সময়ে মায়ের সান্নিধ্যে থাকার আকাঙ্ক্ষা তারও প্রবল। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফেরা পুরোপুরি তার একক সিদ্ধান্তের বিষয় নয়। পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।