নরসিংদীর রায়পুরা উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল আলী (২৬) নামের এক অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার কাঁচাবাজারসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তি ও হাইওয়ে পুলিশ জানায়, এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ঢাকা থেকে সিলেটগামী অ্যাম্বুলেন্সটি এসে বাসটির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে গেলে গুরুতর আহত হন চালক মোজাম্মেল আলী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক শামীম আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স থানায় নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।